
কক্সবাজার সমুদ্রসৈকতে প্রবল ঢেউ ও স্রোতের মধ্যে বন্ধুর হাত থেকে ছিটকে পড়ে তলিয়ে গিয়ে মো. ইয়াছিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সুগন্ধা পয়েন্ট ও কলাতলীর মধ্যবর্তী সার্ফিং ক্লাবের সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন রামু সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া ফুলবাগ সড়ক এলাকায় বসবাস করতেন।
সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে ইয়াছিন তাঁর তিন বন্ধু মো. শাহিদ, মো. সোহান ও মো. ওয়ালিদকে নিয়ে সমুদ্রসৈকতে বেড়াতে যান। পরে চার বন্ধু একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন।
ইয়াছিনের বন্ধু মো. সোহান জানান, গোসলের সময় হঠাৎ প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে ইয়াছিন তলিয়ে যেতে থাকেন। এ সময় বন্ধু শাহিদ তাঁকে বাঁচাতে এগিয়ে গিয়ে হাত ধরে রাখেন। কিছুক্ষণ ধরে রাখলেও তীব্র স্রোতের টানে একপর্যায়ে ইয়াছিনের হাত ছুটে যায় এবং তিনি ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান।
ঘটনার পর বন্ধুরা কাছের পুলিশ বক্সে গিয়ে খবর দিলে সি-সেইফের লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণ অনুসন্ধানের পর ইয়াছিনকে সমুদ্র থেকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সি-সেইফের লাইফগার্ড কর্মী মো. শুক্কুর বলেন, বর্তমানে সমুদ্র অত্যন্ত উত্তাল এবং স্রোতও তীব্র। যে এলাকায় ইয়াছিন ও তাঁর বন্ধুরা গোসল করতে নেমেছিলেন, সেখানে লাইফগার্ড সদস্যরা দায়িত্বে ছিলেন না। তিনি সবাইকে লাইফগার্ড নিয়ন্ত্রিত নিরাপদ জোনে গোসল করার আহ্বান জানান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।